স্টাফ রিপোর্টার ॥ প্রেমিককে নিয়ে ঘরতে এসেছিল বরিশালে শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুতে। হঠাৎ কথাকাটাকাটি। তারপর প্রেমিকার নদীূতে ঝাপ। সোমবার বেলা ২টার দিকে এ ঘটনায় একজন জেলে তাকে উদ্ধার করে ও প্রাণে বাঁচায়।

আত্মহত্যাার চেষ্টাকারী কলেজছাত্রী (১৭) জানিয়েছে, সে তার প্রেমিককে নিয়ে শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে ঘুরতে আসে। দীর্ঘদিনের প্রেম থাকলেও ইদানিং ছেলেটি নাকি তার সঙ্গে সম্পর্কের সমাপ্তি চাচ্ছিল।তাদের মধ্যে এটা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মেয়েটি নদীতে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় প্রেমিক যুবকটি পালিয়ে যায় বলে জানিয়েছেন সুমন।

জেলে আজিজ খলিফা জানান, সেতুর নীচ বরাবর নদীর অংশে মাছ ধরছিলেন তিনি। এ সময় সেতুর উপর থেকে বোরকা পরা একটি মেয়ে ঝাঁপিয়ে পড়ে। নদীর তীব্র স্রোতে ভেসে যাচ্ছিল সে। ওই অবস্থায় তিনি মেয়েটিকে উদ্ধার করেন।

পরবর্তীতে ওই কলেজছাত্রীকে নদী তীরবর্তী একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানকার বাসিন্দারা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর তার পরিবার ও স্থানীয় থানায় খবর দেন তারা। পরে নগরীর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন পুলিশের অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে যান।

পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ্দিন বলেন, ‘মেয়েটির বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায়। সে সেখানকার একটি মাদ্রাসার এইচএসসি পরীক্ষার্থী। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’