বরিশাল ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
স্টাফ রিপোর্টার ॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মর্যাদার এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মেজবাহ উদ্দিন পঞ্চাশোর্ধ্ব ওই পুলিশ কর্মকর্তা সোমবার বিকেলে ভর্তির আধা ঘণ্টার মাথায় হাসপাতালের করোনা ওয়ার্ডে প্রাণ হারিয়েছেন। তবে বরগুনার আমতলী থানার এই পুলিশ কর্মকর্তা করোনাভাইরাস আক্রান্ত ছিলেন কি না হাসপাতাল কর্তৃপক্ষ তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারছে না। হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ বাকির হোসেন বরিশালটাইমসকে পুলিশ কর্মকর্তার প্রাণবিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়- পিরোজপুরের বাদুরা এলাকার মো. ফকরুলের ছেলে তিন সন্তানের জনক মেজবাহ উদ্দিনকে সোমবার বিকেল ৪টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে করোনা ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বরিশালটাইমসকে বলেন, হাসপাতালে ভর্তির সময় রক্তে অক্সিজেনের পরিমাণ কম থাকায় তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল তার। ভর্তির পর তাকে অক্সিজেন দেওয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বিকেল সাড়ে ৪টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মেজবাহ উদ্দিন করোনায় আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিত হতে মৃত্যুর পরে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।