বরিশাল ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা সফর, ১৪৪৮ হিজরি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় খালে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
তারা হলো- উপজেলার গোপালপুরের রাঙ্গামাটিয়া এলাকার সোহেল পালোয়ানের ছেলে শাকিম (৭) ও মামুন পালোয়ানের ছেলে জোবায়ের (৪)। শাকিম ও জোবায়ের সম্পর্কে চাচাতো ভাই।
সোমবার (৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাঙ্গামাটিয়া নদী সংলগ্ন একটি খালের ত্রিমোহনা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শিশু দু’টি দুপুর ২টার দিকে তাদের দাদার সঙ্গে গোসলের জন্য ঘর থেকে বের হয়। তাদের খালের পাশে রেখে দাদা ছাগলকে খাবার দিতে যায়। ফিরে এসে তাদের দেখতে না পেয়ে সন্ধান চালাতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে না পেয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়।
বরিশাল সদর নৌ ফায়ার স্টেশনের লিডার গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে ডুবুরি গোলাম রাব্বি, জালাল উদ্দিন ও আবদুল্লাহকে নিয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান। তারা বিকেল ৪টায় উদ্ধার অভিযান শুরু করেন এবং সন্ধ্যা পৌনে ৭টার দিকে শিশু দু’টির মরদেহ উদ্ধার করেন।