বরিশাল ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
করোনাভাইরাসে দেশে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেলো। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস ৪৫ জনের মৃত্যুসহ এখন পর্যন্ত মোট ৪ হাজার ২৮ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৫৩ জনের নতুন পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৭০ হাজার ১৯১টিতে। নতুন পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৫৪৫ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯৯ হাজার ৬২৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৭৫৬ জন।
নতুন মৃতদের মধ্যে ৩২ জন পুরুষ, ১৩ জন নারী। এরমধ্যে ঢাকায় ২৫ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ৪ জন, বরিশালে ২ জন, রংপুরে ১ জন ও ময়মনসিংহে ২ জন।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৯৮ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৩৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৩৩ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৪ শতাংশ।