বরিশাল ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
দৌলতখান(ভোলা)প্রতিনিধি
কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে সংবাদ কর্মীদের ভূমিকা ও করণীয় নিয়ে ভোলার দৌলতখানে সাংবাদিকদের সঙ্গে উন্নয়ন সহযোগী সংস্থা ফ্রেন্ডশিপের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উন্নয়ন সহযোগী সংস্থা ফ্রেন্ডশিপের উদ্যোগে ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে দৌলতখান প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, ফ্রেন্ডশিপের প্রকল্প কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ এনাম, প্রেসক্লাব সম্পাদক মেহেদী হাসান শরীফ, সহ—সভাপতি জাকির আলম।
সভায় বক্তারা বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছাস ও প্রাকৃতিক দুর্যোগ নিয়মিত মোকাবেলা করে আসছে উপকূলে বসবাসকারী মানুষরা। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে অনেকটা কর্মহীন হয়ে আর্থিক অভাব—অনটনে পড়েছেন তারা। দৌলতখানের প্রান্তিক অঞ্চলে বসবাসকারী মানুষদের দুর্ভোগ লাঘব ও সুস্বাস্থ্যকে গুরুত্ব দেয়া হবে। উপজেলার প্রত্যন্ত অঞ্চলে পরিচালিত এ কর্মসূচী বাস্তবায়নে আরও সহযোগীতা করছে কানাডিয় সাহায্য সংস্থা— গ্র্যান্ড চ্যালেঞ্জ কানাডা।
এদিকে ফ্রেন্ডশিপ প্রকল্প কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ এনাম জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জীবনের ঝুঁকি নিয়ে খবর তুলে ধরেন সাংবাদিকরা। বিশেষ করে করোনা জয় বা করোনা থেকে ঘুরে দাড়ানোর গল্প, প্রতিবেদন বা ফিচার আকারে তুলে ধরার তাগিদ দেন তিনি। নেতিবাচক সংবাদের মাধ্যমে আতংক না ছড়িয়ে ইতিবাচক ভাবে করোনা মোকাবিলায় ফ্রেন্ডশিপ কর্মকর্তাদের সাথে একমত পোষন করেন দৌলতখান প্রেসক্লাবের প্রাক্তন সম্পাদক অধ্যাপক গজনবী হাওলাদার। তিনি আরও জানান, করোনা মহামারীর সময়ে দৌলতখান উপজেলার প্রান্তিক অঞ্চলে বসবাসকারী প্রায় ২০ হাজার মানুষকে বিশেষ স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে ফ্রেন্ডশিপ। পরিষ্কার—পচ্ছিন্নতার জন্য স্থানীয় জনগনকে আইসিডিডিআরবি উদ্ভাবিত হ্যান্ড ওয়াশ তৈরির কলা কৌশল শিখিয়ে দেয়া হচ্ছে হাতে—কলমে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিনামূল্যে ভিটামিন ও জিংক ওষুধ সরবরাহ করা হচ্ছে। উপজেলার বিভিন্ন স্থানে প্রতিমাসে ১০ টিরও বেশি স্যাটেলাইট ক্লিনিক পরিচালনা করা হচ্ছে। করোনা প্রতিরোধ ও স্বাস্থ্য সেবায় এসব কাজে নিয়োজিত রয়েছেন ফ্রেন্ডশিপের সিনিয়র প্যারামেডিক, প্যারামেডিক, স্যাটেলাইট ক্লিনিক সুপার ভাইজার সহ মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীবৃন্দ। সেখানে উপস্থিত ছিলেন, দৌলতখানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধি, সাংবাদিক ও ফ্রেন্ডশিপের স্বাস্থ্য সেবায় নিয়োজিত কর্মীবৃন্দ।