বরিশাল ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে মহর্রম, ১৪৪৮ হিজরি
বিএনপিকে নয়াপল্টনে গণসমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান। বুধবার সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ডিসি হায়াতুল ইসলাম বলেন, ‘বিএনপিকে নয়াপল্টনে সমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয় নাই। আমরা আগের সিদ্ধান্তেই আছি। তবে আলোচনা করে এ বিষয়ে সমাধান হতে পারে।’
তিনি আরও বলেন, ‘বিএনপিকে অনুমোদনহীন ও অনুমতি ব্যতীত কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না। ডিএমপির অনুমোদন ছাড়া কোনো স্থানে কর্মসূচিও পালন করা যাবে না।’
বিএনপিকে আবারও উন্মুক্ত স্থানে সমাবেশের অনুরোধ জানানো হয়েছে উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য আবারও বিএনপিকে অনুরোধ জানিয়েছে পুলিশ। যদি তারা সেখানে সমাবেশ করতে চান, তাহলে তারা যে সমস্যার কথা বলেছে সেটা সমাধান করা হবে।’
বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশের জন্য বিকল্প স্থানের অনুমোদন দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে হায়াতুল ইসলাম খান বলেন, বিকল্প স্থানের প্রস্তাবের বিষয়ে এখনো অনুমোদন দেওয়া হয়নি। এ সময় বিএনপির চাহিদা অনুযায়ী বিকল্প স্থানে অনুমোদন দেওয়া হবে না বলেও জানান তিনি।