বরিশাল ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
নাশকতার অভিযোগে করা মামলায় তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এরা হলেন- জামায়াতে ইসলামী বাংলাদেশের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ও সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ পরোয়ানা জারি করেন।
মঙ্গলবার মতিঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৭ জুলাই এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ মামলায় আসামিরা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের শর্তে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন নেন। পরবর্তীতে কোন পদক্ষেপ না থাকায় আদালত তাদের গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
মামলার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১০ মার্চ সকাল সাড়ে ৯টায় মতিঝিল থানাধীন এলাকায় জামায়াতে ইসলামীর ৪০০/৫০০ নেতাকর্মী জনতাবদ্ধ হয়ে রাস্তায় চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। সরকারের কাজে বাধাদান, কর্তব্যরত পুলিশদের হত্যার উদ্দেশে আঘাতসহ গুরুতর রক্তাক্ত জখম করে। এ ঘটনায় মতিঝিল থানার উপ-পরিদর্শক মো. আবু জাফর বাদী হয়ে মামলা করেন।