বরিশাল ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে মহর্রম, ১৪৪৮ হিজরি
বরগুনা প্রতিনিধি : নারায়ণগঞ্জ থেকে নৌপথে বরগুনা ফিরছিলেন ১৮ ব্যক্তি। কিন্তু বাড়ি ফেরার আগেই পুলিশের কাছে ধরা পড়েছেন তারা। আর বিধি মোতাবেক আপাতত তাদের ঠিকানা হয়েছে বরগুনা পৌরশহরের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি আবির হোসেন মোহাম্মদ।
নারায়ণগঞ্জ ফেরত ওই ব্যক্তিরা বরগুনা সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে ওসি জানান, নারায়ণগঞ্জ থেকে নৌপথে বরগুনা ফিরছেন একদল মানুষ এমন তথ্য নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে ১৮ জনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের বরগুনা উপজেলা প্রশাসনের সহায়তায় বরগুনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাইঠা মাধ্যমিক বিদ্যালয় ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আটক ১৮ জনকে ১৪ দিনের জন্য চাল, ডাল, আলু, তেল, লবণ ও সাবানসহ শিশু খাদ্য দেয়া হয়েছে।
বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় নারায়ণগঞ্জ থেকে আসা ১৮ জনকে উদ্ধার করে পৌরসভার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোয়ারেন্টাইনে থাকাকালীন তাদের খাদ্য ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হবে।
বরগুনা পৌরসভার মেয়র মো. শাহদাত হোসেন বলেন, প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য খাদ্য সরবরাহ ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে।