বরিশাল ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে মহর্রম, ১৪৪৮ হিজরি
স্টাফ রিপোর্টার, ॥ আজ বুধবার সকালে বয়ে যাওয়া কাল বৈশাখি ঝড়ের কবলে পড়ে মেঘনায় একটি ট্রলার ডুবে গেছে। বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় মেঘনা নদীতে ডুবে যাওয়া এ ট্রলারের দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে।
হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার মিডিয়াকে জানান, গোবিন্দপুর থেকে শাওড়াগামী একটি যাত্রীবাহী ট্রলার ১৪ জন আরোহী নিয়ে মেঘনা নদী পার হচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এসময় চালক ও ১১ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুইজন যাত্রী নিখোঁজ ছিল। ওসি আরো জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জেলেদের সহায়তায় নদীতে তল্লালি চালিয়ে সকাল ১০টার দিকে আব্দুর রব বেপারীর (৬০) মরদেহ উদ্ধার করে। তিনি গোবিন্দপুর গ্রামের মৃত হযরত আলী বেপারীর পুত্র। বেলা সাড়ে ১১টার দিকে একই গ্রামের সালাম ভূঁইয়ার ছেলে নবম শ্রেণির ছাত্র রাজিব ভূঁইয়ার মরদেহ উদ্ধার করা হয়।