বরিশাল ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাংবাদিকদের বলেছেন, গণতান্ত্রিক নির্বাচনে কোনো পক্ষের সংঘাতের জায়গা নেই। তিনি আশা করেন, বাংলাদেশে উদ্বেগ প্রশমন এবং একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজতে সব পক্ষ শর্তহীন সংলাপে বসবে।
আজ মঙ্গলবার নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে দেখা করতে যান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ওই বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের এসব কথা বলেন।
আরও পড়ুন
পিটার হাস বলেন, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনকালে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। যাতে আন্তর্জাতিক মানের নির্বাচন অনুষ্ঠিত হয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া ভোট গ্রহণের বেশ আগে থেকেই শুরু হয়। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে সরকার, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভোটার, নাগরিক সমাজ, গণমাধ্যম ও নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছে।
পিটার হাস আরও বলেন, সহিংসতা, জনগণের জমায়েত ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার বাধাগ্রস্ত করা, ইন্টারনেট অ্যাকসেস (অভিগম্যতা) বাধাগ্রস্ত করাসহ গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়াকে অবমূল্যায়ন করে এমন যেকোনো কাজ সুষ্ঠু নির্বাচনের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে।